দেশে নিম্নমানের যানবাহনের আধিক্যের কারণে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হচ্ছে বলে দাবি করেছেন আবদুল হক, সভাপতি বারভিডা। তিনি বলেন, তৃতীয় শ্রেণির বা প্রযুক্তিগতভাবে দুর্বল যানবাহনই এই উচ্চ মৃত্যুহারের অন্যতম কারণ।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যেখানে পরিবহন খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
আবদুল হক উন্নতমানের যানবাহন আমদানির ওপর গুরুত্বারোপ করে বলেন, আধুনিক প্রযুক্তির গাড়ি—বিশেষ করে জাপানসহ উন্নত দেশগুলোর—ব্যবহার বাড়ানো গেলে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশে চলাচলরত অনেক গাড়ির প্রযুক্তি পুরনো, যার ফলে জরুরি অবস্থায় ব্রেক করলেও দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় না এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।
এ সময় দেশে যানবাহনের মান যাচাইয়ের জন্য কার্যকর কোনো “অটোমোবাইল ইনস্টিটিউট” না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি।
সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান গণপরিবহন খাতে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, চলতি বছরে পাবলিক ট্রান্সপোর্টে সর্বোচ্চ কর ছাড় দেওয়া হবে, যাতে রাজধানীতে আধুনিক ও মানসম্মত যানবাহন চলাচল নিশ্চিত করা যায়।
তিনি আরও জানান, গত অর্থবছরে প্রায় ৪ লাখ কোটি টাকা রাজস্ব আদায় হলেও এবার লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৬ লাখ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে এই উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।