শনিবার , ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নিজের বেতন ৪০ শতাংশ কমিয়ে দিলেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোকাই ঘোষণা করেছেন, তিনি তার বেতন ৪০ শতাংশ কমিয়ে দেবেন। তার কার্যালয় বলেছে, এর মাধ্যমে তিনি ‘দায়িত্বপূর্ণ শাসন’ এবং লাইবেরিয়ানদের সাথে ‘সংহতি’ প্রদর্শনের নজির স্থাপনের আশা করছেন।

সোমবার (৮ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, লাইবেরিয়ানরা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে অভিযোগ করার কারণে সাম্প্রতিক সময়ে দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কঠোর তদন্তের অধীনে রয়েছে। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে প্রতি পাঁচজনের মধ্যে একজনের দৈনিক আয় ২ মার্কিন ডলারেরও কম।

প্রেসিডেন্ট জোসেফ বোকাই চলতি বছরের ফেব্রুয়ারিতে তার বার্ষিক বেতন ১৩ হাজার ৪০০ মার্কিন ডলার বলে প্রকাশ করেছিলেন। তবে বেতন কমানোর সর্বশেষ এই সিদ্ধান্তের ফলে তার বার্ষিক বেতন এখন ৮ হাজার ডলারে নেমে আসবে।

অবশ্য বোকাইয়ের আগে একই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন তার পূর্বসূরি জর্জ ওয়েহের। আফ্রিকার এই দেশটির সাবেক এই প্রেসিডেন্ট তার বেতন ২৫ শতাংশ কমিয়েছিলেন।

বিবিসি বলছে, পশ্চিম আফ্রিকার এই দেশটির কেউ কেউ প্রেসিডেন্ট বোকাইয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কিন্তু এটি আসলেই কোনও ত্যাগ কিনা তা অন্যরা এখনও ভাবছেন। কারণ দৈনিক ভাতা এবং চিকিৎসা সুবিধা কভারের মতো এখনও বেশ কিছু সুবিধা তিনি পাবেন।

প্রেসিডেন্ট অফিসের বাজেট এই বছর প্রায় ৩০ লাখ মার্কিন ডলার।

লাইবেরিয়ার অলাভজনক সংস্থা সেন্টার অব ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটির অ্যান্ডারসন ডি মিয়ামেন বলেছেন, প্রেসিডেন্টের বেতন হ্রাসের এই সিদ্ধান্ত ‘ভালো’।

তিনি বিবিসিকে বলেন, ‘বেতন কমানোর পর এসব অর্থ কোথায় যাবে এবং কীভাবে সেগুলো জনগণের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে ব্যবহার করা হবে, সেটি স্পষ্টভাবে দেখতে পাওয়ার আশা করছি আমরা।’