বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে ডিএমপির কড়া নিরাপত্তা প্রস্তুতি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

আসন্ন বাংলাদেশ-নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ১৩ এপ্রিল নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডিএমপি সদর দপ্তরে এ বিষয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। সেখানে জানানো হয়, সফররত নিউজিল্যান্ড দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে খেলার ভেন্যু, অনুশীলন মাঠ, হোটেল এবং যাতায়াতের রুটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া প্রস্তুত রাখা হবে সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং ক্রাইম সিন টিম। পুরো আয়োজনজুড়ে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

সভায় আরও বলা হয়, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় আন্তর্জাতিক এই সিরিজ নির্বিঘ্নভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এ সমন্বয় সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিসসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।