বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

না ভারত, না বাংলাদেশ—সীমান্তে অনিশ্চয়তায় দুই শিশুসহ ৯ জন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় দুই শিশুসহ ৯ বাংলাদেশি তিন দিন ধরে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন। মাথার ওপর নেই কোনো ছাদ, নেই পর্যাপ্ত খাবার বা বিশুদ্ধ পানির ব্যবস্থা। প্রচণ্ড গরম, অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করছেন তারা।

জানা গেছে, গত রোববার (১৪ জুন) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ভুন্দুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এ সময় বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা সীমান্তের শূন্যরেখায় আটকা পড়েন।

পুশইনের শিকারদের মধ্যে নারী, পুরুষ ও দুই শিশু রয়েছে। তাদের দাবি, কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশের পর ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে তারা এই পরিস্থিতিতে পড়েন।

আটকে থাকা সুমি আক্তার জানান, তিন দিন ধরে খোলা আকাশের নিচে অবস্থান করছেন তারা। পর্যাপ্ত খাবার ও পানির অভাবে শিশুদের কষ্ট আরও বেড়েছে। স্থানীয়দের দেওয়া বিস্কুট ও শুকনো খাবারেই কোনোমতে দিন পার করছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা দ্রুত মানবিক সমাধানের আহ্বান জানিয়েছেন। তাদের মতে, শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে বিষয়টির দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।

এদিকে বিজিবি জানিয়েছে, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে একাধিক পর্যায়ে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। সীমান্তে অবস্থানরত এসব মানুষের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।