বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রচারণায় হামলা গণতন্ত্রের ওপর আঘাত: এবি পার্টি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

ঢাকা-৮ সংসদীয় আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি এই ঘটনাকে গণতান্ত্রিক রাজনীতির ওপর সরাসরি আঘাত এবং নির্বাচনকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ কলেজের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণাকালে ছাত্রদলের একটি উচ্ছৃঙ্খল গ্রুপ অতর্কিত হামলা চালায়। এ সময় প্রচারণাস্থলে একাধিক পচা ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করা হয়।

এ ঘটনার প্রতিক্রিয়ায় এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিরোধী প্রার্থীদের ভয়ভীতি ও হামলার মাধ্যমে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা নতুন কিছু নয়। তবে জনগণ এসব সন্ত্রাসী কৌশল ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

নেতারা বলেন, গণতন্ত্রের পথ কখনো সন্ত্রাস ও সহিংসতা দিয়ে রুদ্ধ করা যায় না। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় প্রশাসন কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না।

বিবৃতিতে আরও বলা হয়, সব ধরনের বাধা ও সন্ত্রাস উপেক্ষা করে ১১ দলীয় জোট জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে।