বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নাশকতা ঠেকাতে ঢাকা-আরিচা মহাসড়কে বিএনপির অবস্থান

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

নাশকতা ঠেকাতে ঢাকা-আরিচা মহাসড়কে বিএনপির অবস্থান
গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শাটডাউন কর্মসূচি দিয়েছে। তবে নাশকতা ঠেকাতে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড, রেডিও কলোনি, হেমায়েতপুর, মডেল মসজিদসহ বিভিন্ন পয়েন্টে বিএনপির নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে সড়ক ও মহাসড়কে নাশকতা ঠেকাতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। দুপুরে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এ সময় মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের মডেল মসজিদ থেকে বের হয়ে সাভারের সিটি সেন্টারে এসে শেষ হয়। পরে কয়েক শতাধিক বিএনপির নেতাকর্মীরা সিটি সেন্টারের সামনে অবস্থান নেয়। এ ছাড়া, নাশকতা রোধে সাভারের রেডিও কলোনি এলাকায় বিএনপি নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে বলেন, ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন সড়কে পুলিশ অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়। মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।