বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নারীদের টার্গেট করে হামলা ও চুরি: নওগাঁয় গ্রেপ্তার ‘সাইকোপ্যাথ’ সিরিয়াল হামলাকারী

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১২ জুন, ২০২৬

নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীদের ওপর হামলা ও চুরির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম গোলাম মোরশেদ (২৭)।

বৃহস্পতিবার নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত নওগাঁর ধামইরহাট, বদলগাছী ও পত্নীতলা উপজেলায় একই ধরনের একাধিক হামলার ঘটনা ঘটে। তদন্তে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি গভীর রাতে দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে নারীদের মাথায় ভোঁতা বস্তু দিয়ে আঘাত করতেন এবং পরে চুরি করে পালিয়ে যেতেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৮ জানুয়ারি ধামইরহাট উপজেলার নানাইচ গ্রামে কলেজছাত্রী উম্মে হাবিবার ওপর হামলার ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই সময় আরও কয়েকটি বাড়িতে হামলার ঘটনাও ঘটে।

পরবর্তী মাসগুলোতেও জেলার বিভিন্ন এলাকায় একই কৌশলে একাধিক নারীকে গুরুতর আহত করা হয়। এসব ঘটনায় নওগাঁর বিভিন্ন থানায় মোট চারটি মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সাইবার ইউনিট এবং সংশ্লিষ্ট থানার সমন্বয়ে গঠিত বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তদন্ত চালিয়ে গত ১০ জুন গাজীপুর মহানগরীর বাসন থানার শরীফপুর কোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি নওগাঁর বিভিন্ন হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

পুলিশ সুপার বলেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত ছিলেন। তদন্তে বিভিন্ন জেলায় একই ধরনের আরও ১৭-১৮টি হামলার তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট অন্যান্য মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।

বর্তমানে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।