নাগরিকদের সেবা সহজীকরণ, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি এবং অভিযোগ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে ঢাকা জেলা প্রশাসনে চালু হতে যাচ্ছে নতুন কল-সেন্টারভিত্তিক সেবা ‘হ্যালো ডিসি’।
রোববার (১৭ মে) ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সঙ্গে মতবিনিময় সভায় এই উদ্যোগের কথা জানান ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
তিনি জানান, ‘হ্যালো ডিসি’ সেবার মাধ্যমে ঢাকা জেলার যেকোনো নাগরিক সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদের অভিযোগ, সমস্যা, তথ্য বা পরামর্শ জানাতে পারবেন। প্রাথমিকভাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারিত সময়ে এই সেবা চালু থাকবে।
ডিসি ফরিদা খানম বলেন, নাগরিকদের ভোগান্তি কমাতে এবং প্রশাসনের জবাবদিহি বাড়াতে নিয়মিত গণশুনানির পাশাপাশি এই নতুন ব্যবস্থা যুক্ত করা হচ্ছে। শিগগিরই সেবাটির বিস্তারিত কাঠামো আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় তিনি অনলাইন জুয়া ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রশাসন উদ্যোগ নেবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন করতে সেলিব্রিটি ও মিডিয়াকে সম্পৃক্ত করে প্রচারণামূলক কনটেন্ট তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না হিসেবে কাজ করেন। তাই কোনো অনিয়ম বা সেবাগ্রহীতার ভোগান্তির ঘটনা চোখে পড়লে তা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।
সভায় ঢাকা জেলা প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এবং কোর্ট রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।