বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নাগরিকত্ব পেতে পরীক্ষায় বসতে হবে: নতুন নিয়ম আনছে নিউজিল্যান্ড

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ মে, ২০২৬

স্থায়ী নাগরিকত্ব পেতে আগ্রহী অভিবাসীদের জন্য বাধ্যতামূলক নাগরিকত্ব পরীক্ষা চালুর ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। দেশটির সরকার জানিয়েছে, ২০২৭ সাল থেকে এ নতুন নিয়ম কার্যকর হবে।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন নিউজিল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুক ভ্যান ভেলদেন। তিনি বলেন, নাগরিকত্ব পেতে ইচ্ছুক প্রার্থীদের সশরীরে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে ইংরেজি ভাষায় পরীক্ষা দিতে হবে।

পরীক্ষায় মোট ২০টি প্রশ্ন থাকবে, যার মধ্যে অন্তত ১৫টির সঠিক উত্তর দিতে হবে উত্তীর্ণ হতে। প্রশ্নগুলো মূলত নিউজিল্যান্ডের মানবাধিকার আইন, গণতান্ত্রিক মূল্যবোধ, ভোটাধিকার, সরকারের কাঠামো, ফৌজদারি অপরাধ এবং নাগরিক দায়িত্ব সম্পর্কিত বিষয় থেকে নেওয়া হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, যারা নিউজিল্যান্ডের নাগরিক হতে চান, তাদের অবশ্যই দেশটির মৌলিক মূল্যবোধ—যেমন বাকস্বাধীনতা এবং আইনের শাসন—সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীরা নাগরিকত্ব পাওয়ার আগেই নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে অবগত হতে পারবেন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ জুনের পর প্রথমবারের মতো এই নাগরিকত্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে।