নরসিংদী সরকারি মহিলা কলেজ সংলগ্ন শতবর্ষী প্রসন্ন সাহার পুকুর দীর্ঘদিন ধরে কচুরিপানা, প্লাস্টিক ও বিভিন্ন ধরনের আবর্জনায় ভরে পরিবেশ দূষণ এবং জনদুর্ভোগের কারণ হয়ে উঠেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার পুকুরটি পরিষ্কার করে নরসিংদী জেলা ছাত্রদল।
জানা গেছে, একসময় এলাকার গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্র ছিল এই পুকুর। তবে দীর্ঘদিনের অবহেলায় এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। দুর্গন্ধ, মশার উপদ্রব এবং পরিবেশ দূষণের কারণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছিল।
এ পরিস্থিতিতে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতের নেতৃত্বে নেতাকর্মীরা পুকুরে নেমে কচুরিপানা, প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা অপসারণ করেন। কয়েক ঘণ্টাব্যাপী চলা এ পরিচ্ছন্নতা অভিযানে জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পুকুরটি পরিষ্কার হওয়ায় পরিবেশের উন্নতি হবে এবং এলাকার ঐতিহ্যও সংরক্ষিত থাকবে। বিশেষ করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ছাত্রদল নেতারা জানান, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কাজেও তারা ভবিষ্যতে সক্রিয় ভূমিকা পালন করবেন।