নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। ইনজুরির কারণে এখনও পুরোপুরি নিয়মিত একাদশে ফিরতে না পারলেও নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে তাকে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তি বলেন, নেইমারের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি পুরো ৯০ মিনিট খেলতে সক্ষম। তবে তাকে মাঠে নামানো হবে ম্যাচের পরিস্থিতি ও দলের প্রয়োজন অনুযায়ী।
ব্রাজিল কোচ বলেন, “নেইমার ও ভিনিসিয়ুস একসঙ্গে খেলতে পারে। আমি মনে করি তারা একসঙ্গেই খেলবে। তবে কতক্ষণ খেলবে, সেটা ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।”
জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে নেইমারকে নামানোর পরিকল্পনা থাকলেও ম্যাচের গতি বদলে যাওয়ায় শেষ পর্যন্ত তাকে মাঠে নামাননি আনচেলত্তি। এ বিষয়ে তিনি বলেন, অতিরিক্ত সময়ের জন্য নেইমারকে প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু ব্রাজিল সমতা ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার পর কৌশল পরিবর্তনের প্রয়োজন হয়নি।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র ১৪ মিনিট খেলেছেন নেইমার। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকে মূলত বেঞ্চেই সময় কাটছে তার।
আনচেলত্তি জানান, বেঞ্চে বসে নেইমার খুশি নন, তবে তার আচরণ অত্যন্ত পেশাদার। অনুশীলনে তিনি দুর্দান্ত পারফর্ম করছেন এবং সতীর্থদের অনুপ্রাণিত করছেন। কোচের ভাষায়, “নেইমার খেলতে চায়, সেটা তার শরীরী ভাষাতেই বোঝা যায়। একজন খেলোয়াড়ের এমন মানসিকতাই ইতিবাচক।”
এদিকে মিডফিল্ডার লুকাস পাকেতা চোটের কারণে ছিটকে গেছেন। রাফিনিয়াও পুরোপুরি ফিট নন। ফলে বদলি হিসেবে নেইমারের মাঠে নামার সম্ভাবনা আগের চেয়ে বেড়েছে।
রোববার দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ইউরোপীয় দলের বিপক্ষে দীর্ঘদিনের নকআউট জয়ের খরা কাটানোর পাশাপাশি কোয়ার্টার ফাইনালে ওঠাই হবে সেলেসাওদের লক্ষ্য।