আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনের পর সরকার গঠনকে কেন্দ্র করে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য আগাম গাড়ি প্রস্তুত করছে সরকার। প্রাথমিকভাবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী মিলিয়ে সর্বোচ্চ ৪৫ জন সদস্য ধরে এই প্রস্তুতি নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
নিয়ম অনুযায়ী, নির্বাচনের পর প্রথমে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন। এর পরই শুরু হবে নতুন সরকার ও মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া।
শপথ অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতা
নতুন মন্ত্রিসভার দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে থাকে মন্ত্রিপরিষদ বিভাগ। বঙ্গভবনে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে অতিথি ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আনুষ্ঠানিক আয়োজন করা হয়।
নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। রাষ্ট্রপতি প্রথমে সরকারপ্রধানকে শপথ পাঠ করাবেন। এরপর পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রস্তুত হচ্ছে ৫০টি গাড়ি
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে মন্ত্রিসভার সম্ভাব্য সর্বোচ্চ সদস্যসংখ্যা ৪৫ জন ধরে নিয়ে গাড়ি প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী সরকারি যানবাহন অধিদপ্তরকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।
ভিভিআইপি প্রটোকল অনুযায়ী, সবসময় কয়েকটি অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখতে হয়। কোনো গাড়ি বিকল হলে বা দুর্ঘটনার কারণে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে অতিরিক্ত পাঁচটি গাড়িসহ মোট ৫০টি গাড়ি প্রস্তুত করা হচ্ছে।
মন্ত্রীদের বাসভবনে পাঠানো হবে গাড়ি
জানা গেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যে গাড়িগুলো ব্যবহার করছেন, সেগুলোর পাশাপাশি সরকারি যানবাহন অধিদপ্তরের বহরে থাকা মোট ৫০টি গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হচ্ছে। নতুন সরকারে শপথের আমন্ত্রণ পাওয়া ব্যক্তিদের বাসা থেকে বঙ্গভবনে আনার জন্য এসব গাড়ি পাঠানো হবে।
কর্মকর্তাদের বক্তব্য
মন্ত্রিপরিষদ বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যসংখ্যা কত হবে, তা সংশ্লিষ্ট সরকারই চূড়ান্ত করবে। নির্বাচনের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গাড়ির চাহিদা জানানো হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেনন বলেন,
“মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখা হচ্ছে। ঠিক কতগুলো গাড়ি লাগবে, তা শপথের দিন চূড়ান্তভাবে জানানো হবে। সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।”