মঙ্গলবার , ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নতুন বাংলাদেশের স্বপ্ন সকলকে ধারণ করতে হবে : আমীর খসরু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তারেক রহমানের নেতৃত্বে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেটা সকলকে ধারণ করতে হবে। যদি বাংলাদেশের এই পরিবর্তনকে ধারণ করে আমাদের সুশৃঙ্খল রাজনীতির মাধ্যমে, সামাজিক ও ক্রিয়ার মাধ্যমে প্রতিফলন ঘটাতে পারি, তাহলে যে স্বপ্নের বাংলাদেশের কথা আমরা ভাবছি, সেটা আমরা করতে পারব ইনশাআল্লাহ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের পঞ্চম আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, শুধু রাজনীতি নয়, খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেও নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তবে সেই সৎ মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। চলুন আমরা সবাই মিলে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে লালন করি।

তিনি বলেন, তারেক রহমানের আগামীর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। জাতীয়বাদী শক্তিকে এদেশের সকল মানুষকে নিয়ে সম্মিলিতভাবে এই যাত্রায় আমাদের জয়ী হতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হকসহ রংপুর বিভাগের বিএনপির ১০টি সাংগঠনিক জেলার নেতাকর্মীরা বক্তব্য দেন।

লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপি অংশ নিচ্ছে। এ টুর্নামেন্টের প্রতিটি আসরে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকছেন।