বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নতুন করে নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন শুরু করেছে: রিজভী

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

অজানা আতঙ্কে আবারও গ্রেপ্তার-নির্যাতন শুরু করেছে সরকার—এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই আওয়ামী দখলদার সরকার একটি ডামি নির্বাচন করার জন্য বিএনপি ও তার অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের আটক করে রেখেছে। তারা এখন আন্দোলনের ভয়ে আবার নতুন করে নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন শুরু করেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সদ্য কারামুক্ত কৃষকদলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশসহ কারামুক্ত নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘শেখ হাসিনার কারাগার ছিল বিষাক্ত গ্যাস চেম্বারের মত। সেখানে একটা মানুষের বেঁচে থাকার ন্যূনতম যে অধিকার সেটা শেখ হাসিনা দেয় নাই। এই তীব্র শীতের মধ্যেও তাদের একটা করে কম্বল দেওয়া হয়নি। বালু মেশানো ভাত খেতে দিয়েছে। জেলের মধ্যে নিয়েও বিএনপি নেতাকর্মীদের এভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘নেতাকর্মীদের কারা সেলে ২৪ ঘণ্টা বন্দি করে লকআপে রেখে নির্যাতন করা হয়েছে। কৃষকদলের পলাশ কিছুদিন আগে বের হয়েছে, তার ওপর ভীষণভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছে।

জেলের মধ্যে তারা নির্যাতন করেছে, এই কারণে যে, যারা বাইরে আছে তারা যেন ভয় পায়, কিন্তু এক ভাই নির্যাতনের শিকার হলে অন্য ভাইয়ের ভেতরে যে ক্ষোভ সৃষ্টি হয়, প্রতিরোধ করার চেষ্টা করে; এটা সরকার বুঝতে পারেনি। এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-দফতর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন, মৎসজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত প্রমুখ।