রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে তিনটি এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বুধবার (১৭ জুন) সংস্থাটির মোবাইল কোর্ট ধোলাইপাড় খালপাড় রোড, যাত্রাবাড়ী মোড় এবং শহীদ ফারুক সড়ক এলাকায় এ অভিযান চালায়।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ধোলাইপাড় খালপাড় রোডে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে খালপাড় সংলগ্ন সড়কটি দখলমুক্ত হয়ে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত হয়।
পরে ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী মোড় এবং যাত্রাবাড়ী মোড় থেকে শহীদ ফারুক সড়ক পর্যন্ত মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে স্থাপন করা বিভিন্ন অস্থায়ী দোকান, অবৈধ স্থাপনা এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা উপকরণ অপসারণ করা হয়।
ডিএসসিসির মুখপাত্র মো. রাসেল রহমান জানান, অভিযানের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার ফুটপাত ও সড়ক পরিষ্কার করে পথচারী ও যানবাহনের স্বাভাবিক চলাচলের উপযোগী করা হয়েছে।
নগরবাসীর জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ নগর পরিবেশ নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে সড়ক ও ফুটপাতের অবৈধ দখল, অননুমোদিত স্থাপনা এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।