ঢাকার ধামরাই-এ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা জেলা উত্তর কমিটির একাংশের নেতা-কর্মীদের সঙ্গে ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
তবে ঘটনার জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে। ঢাকা জেলা উত্তরের নেতাদের অভিযোগ, পরিকল্পিতভাবে উপজেলা শাখার কর্মীরা হামলা চালিয়েছে। অন্যদিকে উপজেলা শাখার নেতাদের দাবি, আগে থেকেই এলাকায় একটি কার্যালয় থাকা সত্ত্বেও নতুন কার্যালয় উদ্বোধনের কারণ জানতে চাইলে তাদের ওপর হামলা করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ বলেন, দলের নতুন কমিটি গঠনের কারণে কিছু স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছে।
অন্যদিকে ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন জানান, দীর্ঘদিন ধরে ঢুলিভিটা এলাকায় দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছিল। নতুন করে কার্যালয় উদ্বোধনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলার জেরেই এ ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।