বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ধামরাইয়ে উচ্ছেদ অভিযানে হামলা, আহত বুলডোজার চালক ও সহকারী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ঢাকার ধামরাইয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে। হামলায় বুলডোজার চালক ও তার সহকারী আহত হয়েছেন। ঘটনার পর সাময়িকভাবে উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বুলডোজার চালক মনির হোসেন (৪৮) এবং তার সহকারী আব্বাস হোসেন (৩৫)। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের নয়ারহাট শাখার উপবিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক জানান, সওজের জমিতে গড়ে ওঠা অবৈধ ফুটপাত ও দোকান উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছিল। কয়েকটি স্থাপনা উচ্ছেদের পর কিছু হকার ও দোকানি ক্ষুব্ধ হয়ে বুলডোজার চালক ও তার সহকারীর ওপর হামলা চালায়। এতে তারা আহত হন এবং পরিস্থিতির কারণে অভিযান বন্ধ রাখতে হয়।

উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকারী ধামরাই সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি বলেন, সরকারি জমি উদ্ধার কার্যক্রম চলাকালে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন জানিয়েছে, সরকারি জমি দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।