দেশের পুলিশ ব্যবস্থার সংস্কারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ সংস্কার রাতারাতি সম্ভব নয়; বরং ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে ইউএনডিপি বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ পুনর্গঠন, দক্ষতা বৃদ্ধি ও সক্ষমতা উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ইউএনডিপি প্রয়োজনীয় সহায়তা দিতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সংস্কার, স্বাধীন পুলিশ কমিশন গঠন, জাতীয় মানবাধিকার কমিশন-সংক্রান্ত অধ্যাদেশ, গুম প্রতিরোধ এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি পুলিশ সংস্কারে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, জাতীয় মানবাধিকার কমিশন গঠন ও এর আইনি কাঠামো প্রণয়নে সংস্থাটি দীর্ঘদিন ধরে কাজ করছে এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার কমিশন অধ্যাদেশ ও স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়টি পরস্পর সম্পর্কযুক্ত। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এসব বিষয়ে আইন সংসদে উপস্থাপন করা হবে।
গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ প্রসঙ্গে তিনি জানান, কিছু সংজ্ঞাগত জটিলতা রয়েছে, যা সংশোধনের পর সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে।
এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে তদন্ত কার্যক্রম নির্দিষ্ট সংস্থার মাধ্যমেই পরিচালিত হবে।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি ইউএনডিপির ঊর্ধ্বতন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।