বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ধানের শীষ জিতলে উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের আশ্বাস তারেক রহমানের

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উত্তরাবাসীর দীর্ঘদিনের দাবি একটি সরকারি হাসপাতাল। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসাসেবার কথা বিবেচনা করে উত্তরা এলাকায় একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল নির্মাণ করা জরুরি। আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী হলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর উত্তরার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি ঢাকা-১৮ আসনে বিএনপির দলীয় প্রার্থী এস এম জাহাঙ্গীরকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উত্তরাবাসীর প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে উত্তরাবাসীর বিশেষ অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে উত্তরাবাসীর ভূমিকা আগামী দিনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এ সময় তিনি উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরেন। তারেক রহমান বলেন, মানুষ নিয়মিত গ্যাস বিল পরিশোধ করলেও প্রাপ্য সেবা পাচ্ছে না। এটি শুধু উত্তরার সমস্যা নয়, বরং সারাদেশের সমস্যা। বিগত সময়ে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, এ সংকট নিরসনে নতুন গ্যাস কূপ খনন ও শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নিতে হবে।

এছাড়াও তিনি উত্তরা এলাকায় পানির সংকট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ এবং যানজট সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

সমাবেশ শেষে রাত ১টা ২০ মিনিটে তারেক রহমান উত্তরার সমাবেশস্থল থেকে গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা হন। এর আগে তিনি মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করেন। সেখানে বিকেলে নির্বাচনি সমাবেশ শেষে গাজীপুরে যান এবং রাত ১২টার দিকে সেখানকার সমাবেশ শেষ করে ঢাকায় ফেরেন।

সড়কপথে ঢাকা থেকে ময়মনসিংহ সফরের সময় বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় তারেক রহমান হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন। সফরকালে তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান ঢাকা পোস্টকে জানান, রাত ১টা ৪৮ মিনিটে তারেক রহমান স্ত্রীসহ গুলশানের বাসভবনে পৌঁছান।

পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় নির্বাচনি সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। এরপর তিনি বরিশাল বিভাগে নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।