রবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে উচ্ছ্বসিত বিরোধীরা, ‘তরুণদের জয়ের’ স্বীকৃতি

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশটির তরুণদের আন্দোলনের বড় সাফল্য হিসেবে আখ্যা দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিরোধী দলগুলোর কয়েক সপ্তাহের টানা আন্দোলনের মুখে শনিবার এক্সে দেওয়া পোস্টে নিজের পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনকারী সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফার বৈঠকের ঠিক আগেই পদত্যাগ করেন তিনি।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, এটি ভারতের শিক্ষার্থীদের এবং ঐক্যবদ্ধ বিরোধী শক্তির জয়। তিনি দাবি করেন, শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে রাজপথে নামা লাখো তরুণের কণ্ঠস্বর শেষ পর্যন্ত সরকারের কাছে পৌঁছেছে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সরকারের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ প্রমাণ করেছে যে মোদি-শাহ নেতৃত্বও অপরাজেয় নয়। অন্যদিকে, আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এক ভিডিও বার্তায় এই ঘটনাকে ‘গণতন্ত্রের বড় জয়’ বলে উল্লেখ করেন এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।