তীব্র ছাত্র আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে প্রহ্লাদ যোশীকে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তার নিয়োগে আনুষ্ঠানিক অনুমোদন দেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে রাষ্ট্রপতি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেন। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য প্রহ্লাদ যোশীকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গ্রহণ করা হয়েছে এবং প্রহ্লাদ যোশীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
কর্ণাটকের লোকসভা সদস্য প্রহ্লাদ যোশী বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি এবং ভোক্তা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের মাধ্যমে এখন তিনি ভারতের শিক্ষা মন্ত্রণালয়ও পরিচালনা করবেন।
উল্লেখ্য, মেডিকেল ভর্তি পরীক্ষা (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রায় দুই মাস ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করছিলেন শিক্ষার্থী ও তরুণরা। আন্দোলনের মূল দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ার পর শনিবার তিনি পদত্যাগ করেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন শিক্ষামন্ত্রী হিসেবে প্রহ্লাদ যোশীর নাম ঘোষণা করা হয়।