সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে: জামায়াত আমির

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ মে, ২০২৫

বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থায় দেশের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কোনো উসকানি বা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল থেকে রাত পর্যন্ত কেন্দ্রীয় কর্মপরিষদের এক বৈঠকে সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে সংগঠনের নায়েবে আমির, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

জামায়াত আমির বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থায় দেশের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য ধারণ করে মানবিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

দেশের প্রতিটি ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, আল্লাহর ওপর তাওয়াক্কুল ও ইনসাফের ওপর দৃঢ় থাকতে হবে। কথা বলার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো উসকানি বা অপ্রীতিকর ঘটনায় জড়ানো যাবে না। সকল শ্রেণি-পেশার মানুষদের সঙ্গে নিয়ে মানবিক বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

জামায়াত আমির মহান আল্লাহর কাছে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দোয়া কামনা করেন। তিনি বলেন, মহান রবের কাছে প্রার্থনা করি, তিনি যেন সকল চক্রান্ত-ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করেন এবং দেশকে একটি সুখী-সমৃদ্ধ স্থিতিশীল রাষ্ট্র হিসেবে কবুল করেন।