বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দুর্ভাগ্যের বিদায়, তুরস্ককে কাঁদিয়ে জিতল প্যারাগুয়ে

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ জুন, ২০২৬

ম্যাচের মাত্র ৬৪ সেকেন্ডে মাতিয়াস গালারজার করা গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। বিশ্বকাপের চলতি আসরের দ্রুততম এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। পুরো ম্যাচে দারুণ আধিপত্য দেখিয়েও গোলের দেখা পায়নি তুরস্ক।

প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন লাল কার্ড দেখলে দলটি ১০ জনে পরিণত হয়। এরপরও দ্বিতীয়ার্ধজুড়ে তুরস্কের একের পর এক আক্রমণ রুখে দেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল।

পরিসংখ্যান বলছে, ম্যাচে ৭৮ শতাংশ বলের দখল ছিল তুরস্কের। তারা ৩২টি শট নেয়, যার পাঁচটি ছিল লক্ষ্যে। অন্যদিকে প্যারাগুয়ে মাত্র সাতটি শট নেয়। তুরস্কের এক্সপেক্টেড গোল (xG) ছিল ২.১২, যেখানে প্যারাগুয়ের ছিল মাত্র ০.৩২।

তবুও ভাগ্য সহায় হয়নি তুরস্কের। টানা দুই ম্যাচে হেরে ২৪ বছর পর বিশ্বকাপে ফিরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো তাদের। অন্যদিকে গুরুত্বপূর্ণ এই জয়ে নকআউটের আশা জিইয়ে রাখল প্যারাগুয়ে।