বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দুর্নীতি-অসঙ্গতি উন্মোচনে সাংবাদিকদের সাহসী ভূমিকা দরকার: চট্টগ্রাম জেলা প্রশাসক

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ মে, ২০২৬

চট্টগ্রাম: সমাজ ও রাষ্ট্রের নানা অসঙ্গতি, দুর্নীতি ও অন্ধকার দিক তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ও সাহসী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন মো. জাহিদুল ইসলাম মিয়া। তিনি বলেছেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকরা সমস্যাগুলো সামনে আনলে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে পারে।

শনিবার (২৩ মে) রাতে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) আয়োজিত মাসব্যাপী বুনিয়াদি সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, দেশে এখনও নানা ধরনের সামাজিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ রয়েছে। এসব সমস্যা মোকাবিলায় শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; সাংবাদিক, নাগরিক সমাজ ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। একটি সুন্দর, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে সবার অংশগ্রহণ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সমাজের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতা দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন তিনি।

দেশের মেধাবী তরুণদের বিদেশমুখী হওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, “মেধাবীরা যদি দেশ ছেড়ে চলে যায়, তাহলে দেশের উন্নয়ন এগিয়ে নেবে কারা? দেশের ১৮ কোটি মানুষকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিসিজেএ সভাপতি এনামুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাব–এর সভাপতি জাহিদুল করিম কচি, চ্যানেল ওয়ান চট্টগ্রামের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান ও টিসিজেএর সাবেক সভাপতি শফিক আহম্মদ সজীব।

এ ছাড়া অনুষ্ঠানে সংগঠনের সহসভাপতি সঞ্জীব দে বাবু, সহসম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দীনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।