দুর্নীতির অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার মো. আব্দুল হালিম ও সাবেক অতিরিক্ত সচিব মো. সবুর হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বিদেশ যাত্রা সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন এদিন আদালতে আবেদন দাখিল করেন। আবেদনে বলা হয়, পল্লী বিদ্যুতায়নের আওতায় ৫ লাখ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন ও মিটার যোগাযোগ ব্যবস্থা স্থাপন সংক্রান্ত একটি প্রকল্পের ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
দুদক জানায়, অভিযোগটি বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। পাশাপাশি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তদন্ত এড়াতে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। এ অবস্থায় অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি হয়ে পড়ে।
শুনানি শেষে আদালত দুদকের যুক্তি গ্রহণ করে আবেদন মঞ্জুর করেন এবং সংশ্লিষ্ট দুই ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের আদেশ দেন।
দুদক সূত্র জানায়, অনুসন্ধান শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।