বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দুর্নীতির অনুসন্ধান চলাকালে সাবেক এমপি সালাম মুর্শেদী ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

খুলনা-৪ (রূপসা–তেরখাদা–দিঘলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও তার স্ত্রী শারমিন সালমার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আব্দুস সালাম মুর্শেদীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্টরা যেকোনো সময় দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন।

এমন পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধান নিশ্চিত করার স্বার্থে তাদের বিদেশ গমন সাময়িকভাবে রহিত করা একান্ত প্রয়োজনীয় বলে আবেদনে উল্লেখ করে দুদক। আদালত আবেদনটি আমলে নিয়ে সাবেক এই সংসদ সদস্য ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেন।

উল্লেখ্য, সালাম মুর্শেদী এর আগেও বিভিন্ন সময়ে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে প্রভাবশালী ভূমিকার কারণে আলোচনায় ছিলেন। তবে সাম্প্রতিক এই আদালতের আদেশ দুর্নীতিবিরোধী অভিযানে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।