বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফিরিয়ে আনতে শুরু প্রত্যর্পণ প্রক্রিয়া

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ জুন, ২০২৬

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৪ জুন) সংসদ অধিবেশনে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে আসছিল। পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ঢাকার আবেদনের পর ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।

তিনি আরও জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির মামলার আসামি বেনজীর আহমেদ বর্তমানে দেশটির পুলিশের হেফাজতে রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউএই আইনে গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হয়। সেই লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এনসিবি ঢাকা প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করছে।

বেনজীর আহমেদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি, অবৈধ সম্পদ অর্জনসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে পাসপোর্টে তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা জাতিকে বার্তা দিতে চাই যে, অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।”