দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) তারা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসে পদত্যাগপত্র জমা দেন। পরে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী সাংবাদিকদের জানান, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। কোনো চাপের মুখে নয়, নিয়মতান্ত্রিকভাবেই পদত্যাগ করেছেন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে নতুন পর্ষদের জন্য শুভকামনা জানান।
নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও অপর কমিশনারও একই সময়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার সঙ্গে দুই কমিশনারও দায়িত্ব পান। এর আগে ২০২৪ সালের ২৯ অক্টোবর তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দুই কমিশনার জহুরুল হক ও আছিয়া খাতুন পদত্যাগ করেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ নভেম্বর ‘দুর্নীতি দমন ব্যুরো’ বিলুপ্ত করে দুদক প্রতিষ্ঠিত হয়। প্রথম চেয়ারম্যান ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুলতান হোসেন খান। পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে কমিশনের নেতৃত্বে পরিবর্তন এসেছে।
সর্বশেষ পদত্যাগের ফলে দুদকের নেতৃত্বে নতুন নিয়োগ ও পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।