বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দুই দশকের অপেক্ষার অবসান, প্রথমবার টেস্টে সিরিজসেরা মুশফিক

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ মে, ২০২৬

মুশফিকুর রহিম দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষভাগে এসেও নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। ইতোমধ্যেই ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে এখনও দারুণ ছন্দে রয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।

২০০৫ সালে টেস্ট অভিষেকের পর ১০২ ম্যাচের দীর্ঘ পথচলায় এবারই প্রথমবারের মতো টেস্ট সিরিজসেরার পুরস্কার জিতেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে ব্যাট হাতে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা ছিলেন মুশফিক। দুই ম্যাচে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে করেন ২৫৩ রান, যা তাকে এনে দেয় সিরিজসেরার সম্মান।

বাংলাদেশের টেস্ট ইতিহাসের গুরুত্বপূর্ণ জয়ের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তার নাম। দেশের ২৭টি টেস্ট জয়ের মধ্যে ২৫টিতেই একাদশে ছিলেন তিনি। জয়ী ম্যাচগুলোতে ৫৭ গড়ে করেছেন ২০৮৭ রান, যেখানে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ৮টি ফিফটি।

ম্যাচসেরার তালিকাতেও বাংলাদেশের হয়ে সবার ওপরে রয়েছেন মুশফিক। দেশের জয়ে এখন পর্যন্ত ৭ বার ম্যাচসেরা হয়েছেন তিনি। তার পরে রয়েছেন সাকিব আল হাসান (৫), তামিম ইকবাল (৪) এবং মেহেদী হাসান মিরাজ (৪)।

তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের জার্সিতে ৪৮০ ম্যাচ ও ১৮৫টি সিরিজ খেলেছেন মুশফিক। এর আগে ওয়ানডেতে ছয়বার সিরিজসেরা হওয়ার পর এবার টেস্টেও যোগ হলো নতুন এক অর্জন।