সোমবার , ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

দীর্ঘ অপেক্ষার পর ফিরল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’, মুক্তি পেল চ্যাপ্টার ১৩

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-এ মুক্তি পেয়েছে দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর চ্যাপ্টার ১৩। নির্মাতা কাজল আরেফিন অমির অসুস্থতার কারণে এর কাজ কিছুদিন বন্ধ থাকলেও, বৃহস্পতিবার (৯ জুলাই) একসঙ্গে প্রকাশ করা হয়েছে প্রথম চারটি পর্ব (৯৭-১০০)।

জানা গেছে, চ্যাপ্টার ১৩-এর বাকি চারটি পর্ব (১০১-১০৪) আগামী ১৬ জুলাই মুক্তি পাবে। এবারের চ্যাপ্টারে দর্শকদের জন্য থাকছে বিশ্বকাপ ফুটবলের বিশেষ আমেজ। জনপ্রিয় চরিত্রগুলোকে দেখা যাবে ফুটবল মাঠের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনাব্রাজিল-এর জার্সিতে।

‘মোস্ট ওয়ান্টেড ম্যাচ: আর্জেন্টিনা বনাম ব্রাজিল’ শিরোনামের এই বিশেষ পর্বে হাস্যরস, প্রতিদ্বন্দ্বিতা এবং ফুটবল উন্মাদনার মিশেলে ভিন্নধর্মী বিনোদন উপভোগ করবেন দর্শকরা বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, নির্মাতা কাজল আরেফিন অমির শারীরিক অসুস্থতার কারণে চ্যাপ্টার ১৩-এর কাজ শেষ হতে কিছুটা বিলম্ব হয় এবং পূর্বঘোষিত মুক্তির তারিখ পিছিয়ে যায়। তবে দর্শকদের ভালোবাসার কথা বিবেচনা করে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই তিনি সীমিত পরিসরে শুটিংয়ে ফিরে এসে কাজ সম্পন্ন করেন।