বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দিরাইয়ে পৃথক সংঘর্ষে ২ নিহত, উত্তেজনা বিরাজ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক দুইটি সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে, যা পুরো এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে। বুধবার (৮ এপ্রিল) রাতে দিরাই উপজেলা এর রফিনগর ও সাদিরপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন আহাদ নুর (২৭) ও গিয়াস উদ্দিন (৬০)। আহতদের মধ্যে রয়েছেন আব্দুল হামিদ (৬০), আবু সুফিয়ান (২৬), রুবেল মিয়া (৪০), মোফাজ্জল হোসেন (৪২), আবুল নছর (৫৫), আলী হায়দার (২০) ও শিবির আহমদ (৩০)সহ আরও অনেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদিরপুর গ্রামে বিকেলের দিকে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। মোশাহিদ মিয়ার ধান শুকানোর খলার ওপর দিয়ে হোসাইন আহমেদের লোকজন ট্রলি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে সন্ধ্যার পর তা রূপ নেয় সহিংস সংঘর্ষে।

সংঘর্ষ চলাকালে টেঁটার আঘাতে গুরুতর আহত হন মোশাহিদ মিয়ার পক্ষের আহাদ নুর। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে একই সময়ে রফিনগর গ্রামে আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটে। একটি রাজহাঁস খাওয়াকে কেন্দ্র করে আশরাফ উদ্দিন ও শফিক মিয়ার পক্ষের লোকজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে গিয়াস উদ্দিন নিহত হন।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ এর দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, পৃথক দুই সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।