বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দিয়াবাড়ি হাটে সড়কে পশু রেখে বিক্রির চেষ্টা, সরিয়ে দিলো ডিএনসিসি প্রশাসন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মে, ২০২৬

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (Dhaka North City Corporation) আওতাধীন দিয়াবাড়ি পশুর হাট পরিদর্শনে গিয়ে নির্ধারিত সীমানার বাইরে সড়কে কোরবানির পশু রেখে বিক্রির প্রস্তুতি দেখতে পান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নিয়ে সড়ক থেকে সব পশু সরিয়ে যান চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করার নির্দেশ দেন।

সোমবার (২৫ মে) ডিএনসিসির আওতাধীন স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলো পরিদর্শনে যান প্রশাসক। পরিদর্শনের সময় উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক ডাইভারশন দিয়ে পশু রাখা হয়েছে—এমন দৃশ্য দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন, কোনোভাবেই যেন প্রধান সড়ক বা জনসাধারণের চলাচলের জায়গায় পশুর হাট বিস্তৃত না হয়।

এ সময় সংশ্লিষ্ট হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে এনে সড়কে হাট না বসানোর নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অমান্য করা হলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেন প্রশাসক।

পরে ইজারাদার পক্ষ জানায়, সকালে বৃষ্টির কারণে কিছু পশু সাময়িকভাবে স্টেশনের নিচে রাখা হয়েছিল এবং তারা ডিএনসিসির নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতে সড়কে পশু না রাখার বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন।

এর আগে সকালে গাবতলী পশুর হাট পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক। সেখানে তিনি অতিরিক্ত হাসিল আদায় বন্ধসহ নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়ে কঠোর নির্দেশনা দেন। এরপর তিনি ৩০০ ফিট, বেরাইদ ও স্বদেশ প্রপার্টিজ এলাকায় স্থাপিত অস্থায়ী পশুর হাটও পরিদর্শন করেন এবং ঈদযাত্রায় যানজট ও জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পরিদর্শনকালে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।