রবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই সফর, ১৪৪৮ হিজরি

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুলাই, ২০২৬

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে ৯ ভারতীয় নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর তাৎক্ষণিক বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ঘাসুড়িয়া বিওপির আওতাধীন ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০ এস এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম।

জানা গেছে, ভারতের শ্রী রামপুর এলাকার দিক থেকে ৯ জন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি সদস্য ও স্থানীয়রা বাধা দিলে তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়ায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় ইউপি সদস্য শুকুর আলী জানান, বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। অন্যদিকে বিজিবি জানিয়েছে, সীমান্তে নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে, যাতে কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে।