বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দিনভর পুশইন-পুশব্যাক নাটকীয়তার পর কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি শিশুকে পরিবারের কাছে ফেরত দিল বিজিবি

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ জুন, ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ অনন্তপুর নাজিরহাট সীমান্তে দিনভর পুশইন-পুশব্যাক নাটকীয়তার পর ৯ বছর বয়সী বাংলাদেশি শিশু জয়নাব বেগমকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৩ জুন) রাত ১০টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩-এর ৩ এস সংলগ্ন এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিশুটিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয় এবং পরে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে সীমান্ত এলাকায় বিএসএফ একটি কন্যাশিশুকে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করলে বিজিবি বিষয়টিকে সম্ভাব্য পুশইন হিসেবে সন্দেহ করে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কয়েক ঘণ্টা ধরে পুশইন-পুশব্যাক পরিস্থিতি সৃষ্টি হয়।

পরে শিশুটির মা নাজমা বেগম সীমান্তে এসে জানতে পারেন বিএসএফের হেফাজতে থাকা শিশুটি তার মেয়ে জয়নাব। তিনি জানান, সকালে স্কুলে যাওয়ার সময় খাবার নিয়ে অভিমান করে জয়নাব বাড়ি থেকে বের হয়ে ভুলবশত ভারতের কোচবিহার জেলার সেউটি এলাকায় প্রবেশ করে। সেখানে বিএসএফ তাকে আটক করে।

শিশুটি বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়ার পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। প্রায় ১৫ মিনিটের বৈঠক শেষে বিএসএফ শিশুটিকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

এ সময় কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, ইউপি সদস্য ফেরদৌস আলম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।