বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের জন্য অপরিহার্য: চট্টগ্রাম সিটির মেয়র শাহাদাত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ মার্চ, ২০২৬

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আধুনিক গণমাধ্যম সমাজের উন্নয়ন ও গণতন্ত্রের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি মনে করেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়।

শনিবার (২৭ মার্চ) রাতে নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম-এর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সাংবাদিকতা একটি অপরিহার্য স্তম্ভ। বিশেষ করে টেলিভিশন ভিডিও জার্নালিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের মাধ্যমে সমাজ পরিবর্তনে বড় অবদান রাখতে পারেন।”

টিসিজেএ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের সভাপতি শফিক আহমেদ সাজীব সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী মামুন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক বাণিজ্যবিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী। এছাড়া সংগঠনের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সম্মেলনে অংশ নেন।