বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দল-মতের ঊর্ধ্বে ত্রুটিবিহীন নির্বাচন নিশ্চিত করতে হবে: ডিএমপি কমিশনার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দলের স্বার্থের ঊর্ধ্বে থেকে একটি ত্রুটিবিহীন ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

ডিএমপি কমিশনার বুধবার (১৪ জানুয়ারি) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ডিসেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হলে প্রার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। তাই পুলিশকে সতর্ক নজরদারি করতে হবে এবং কোনো নিষিদ্ধ সংগঠন যেন নির্বাচনী পরিবেশে ব্যাঘাত সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন দেশের ইতিহাসের অংশ হয়ে থাকবে। এই প্রক্রিয়ায় কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ না ওঠার জন্য সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনাররা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আচরণবিধি মেনে কাজ করার গুরুত্ব এবং দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয়।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।