বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দলীয় প্রার্থী নয়, আসন সমঝোতায় ৩০০ আসনে জোটের প্রার্থী দেওয়া হবে: নাহিদ ইসলাম

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আসন সমঝোতা হলেও ১১ দলীয় জোটের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনে জোটের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে এবং দলীয় প্রার্থী নয়, বরং ৩০০ আসনে জোটের একক প্রার্থী দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলের শীর্ষ নেতৃবৃন্দের আসন সমঝোতার জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, “এই জোট নিয়ে জনগণের মধ্যে একটি বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ তা বুঝতে পারছে।”

জোটের ভবিষ্যৎ সম্পর্কে তিনি আরও জানান, “জোটের ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী এবং এটি যেন অটুট থাকে, সেটাই আমাদের প্রত্যাশা। বর্তমানে যেসব মতভিন্নতা দেখা যাচ্ছে, তা অল্প সময়ের মধ্যে সমাধান হবে। আমাদের সংস্কার ভাবনা, আধিপত্যবিরোধী ও দুর্নীতিবিরোধী অবস্থানকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করব। একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করব।”

নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, “শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করব, যেন এই জোট অটুট থাকে। কোনো বিষয়ে মতানৈক্য থাকলেও জোট গড়ার প্রক্রিয়া থেমে থাকবে না, বরং এগিয়ে যাবে।”

নির্বাচনী কৌশল নিয়ে তিনি জানান, সমঝোতা মানে হলো একে অপরকে পূর্ণ সহযোগিতা করা। বৃহত্তর স্বার্থে জোট যাকে মনোনীত করবে, সব শরিক দল সেই প্রার্থীকে সর্বাত্মক সহযোগিতা করবে।