বৃহস্পতিবার , ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৯ই সফর, ১৪৪৮ হিজরি

দক্ষ কর্মীদের বৈশ্বিক চাকরির বাজারে নিতে আগস্টেই চালু হচ্ছে বিশেষ সেবা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ জুলাই, ২০২৬

বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীদের আন্তর্জাতিক শ্রমবাজারে অন্তর্ভুক্তির উদ্যোগ জোরদার করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তায় গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ‘সাপোর্টিং এ ট্যালেন্ট পার্টনারশিপ উইথ বাংলাদেশ’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনশক্তিকে ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ (ওইপি)-এ নিবন্ধনের বিষয়ে আলোচনা হয়। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের নিয়োগকর্তারা প্রয়োজন অনুযায়ী বাংলাদেশি দক্ষ কর্মীদের সহজে খুঁজে বের করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের ফলে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী পাঠানোর সুযোগ বাড়বে। পাশাপাশি নৈতিক, নিয়মিত ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাস্তবায়নাধীন প্রকল্পটির আওতায় প্রশিক্ষিত কর্মীদের তথ্য ওইপিতে অন্তর্ভুক্তির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, আগামী আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে ওইপির অধীনে মাইক্রোসাইটের মাধ্যমে বিশেষ সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা সম্ভব হবে।

এটি চালু হলে বাংলাদেশি দক্ষ কর্মীদের বৈশ্বিক কর্মসংস্থানে প্রবেশের সুযোগ আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আশা করা হচ্ছে।