দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবানন-এর মারুব গ্রামে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে এই হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আরও অন্তত তিনজন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় চলমান উত্তেজনার মধ্যেই সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে হামলার ঘটনা বাড়ছে বলে জানা গেছে। বিশেষ করে আঞ্চলিক সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এ ধরনের হামলা আরও উদ্বেগ তৈরি করছে।
এদিকে হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
বিশ্লেষকদের মতে, সীমান্ত এলাকায় এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তৈরি করছে।