বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

থানায় হামলা: গাইবান্ধায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার আরও ২

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

পুলিশের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠা গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় এবার মূল আসামিসহ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ারে আলম খান। তিনি জানান, শনিবার রাত দেড়টার দিকে উপজেলার দিঘলকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলা জামায়াতের যুব বিভাগের বায়তুল মাল সম্পাদক পলাশ (৩৫) এবং গোলজার রহমান (৩৪)। এর মাধ্যমে এ ঘটনায় দায়ের করা মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল চারজনে।

এর আগে একই মামলায় গ্রেপ্তার হন মিজানুর রহমান মিজান ও তৌহিদুল ইসলাম কাকন। তাদের মধ্যে কাকনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়, আর মিজানকে ২৬ মার্চ রাতে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সূত্রপাত হয় গত ২৫ মার্চ রাতে। অভিযোগ রয়েছে, কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে থানায় গিয়ে এক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে ওসির ওপর চাপ প্রয়োগ করেন পলাশ। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশের দাবি, ওসি সিদ্ধান্তে অনড় থাকলে হামলাকারীরা তার ওপর চড়াও হয় এবং মারধর করে। বাধা দিতে গেলে অন্যান্য পুলিশ সদস্যদের ওপরও হামলা চালানো হয়। এতে এক নারী কনস্টেবলসহ অন্তত ৯ জন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় ২৬ মার্চ আহত এএসআই রুহুল আমিন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ আরও ১২-১৩ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করেন।

পলাশবাড়ী থানা সূত্রে জানা গেছে, মামলার বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হলেও পুলিশ বলছে, দোষীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।