থাইল্যান্ডে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীর নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেশটিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (২৪ জুলাই) সকালে ব্যাংককে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী ভিজাভাত ইসারাভাকদির মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
ফিলিপাইনের ম্যানিলায় সরকারি সফর শেষে ব্যাংককে যাত্রাবিরতিকালে এ বৈঠক করেন হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয় পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমশক্তি, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীর থাইল্যান্ডে কর্মসংস্থানের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। এর মাধ্যমে দুই দেশের শ্রমবাজারে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির লক্ষ্যে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেন বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা। জবাবে থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে দেশটির গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানানো হয়।