বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ত্রয়োদশ সংসদ নির্বাচন: তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতারা কোথায় ভোট দেবেন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর গণভোটের ভোটগ্রহণ শুরু হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়। সারা দেশের ভোটারদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে কৌতূহল রয়েছে—বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সূত্রে জানা গেছে, তিনি রাজধানীর গুলশান-২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। মির্জা আব্বাস রাজধানীর শাহজাহানপুরে অবস্থিত মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দেবেন। বাবু গয়েশ্বর চন্দ্র রায় ঢাকার কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ উপজেলার চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন।

এছাড়া সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউটে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুলে, হাফিজ উদ্দিন আহমেদ ভোলার লালমোহনে আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবং অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা সরকারি হাইস্কুলে ভোট দেবেন।

বিএনপির একাধিক শীর্ষ নেতা নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করবেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।