সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘তোমরা আমাদের হৃদয়ে আছো’, ফিলিস্তিনিদের নিয়ে জামাল

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। এ ভূখন্ডে গত একদিনে আরও অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটল। এতে করে ভূখণ্ডটিতে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা প্রায় ৫০ হাজার ৭০০ জনে পৌঁছে গেছে।

ইসরায়েলি সেনারা একের পর এক গাজার আবাসিক ভবন ও অস্থায়ী তাঁবুতে হামলা চালিয়েছে। এতে প্রাণহানীর পাশাপাশি অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। যারা সেখান থেকেই বাঁচার আকুতি জানাচ্ছেন। ধ্বংসস্তূপে মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

গাজার স্বাস্থ্য সেবা খাত ভেঙে পড়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীর হাত থেকে সাধারণ মানুষই নয়, চিকিৎসকেরাও রক্ষা পাননি। তাদেরকেও হত্যা করা হচ্ছে। গাজায় এমন মানবিক বিপর্যয়ের প্রতিবাদে পুরো বিশ্ববাসীকে আজ সোমবার কর্মবিরতি পালনের আহ্বান করা হয়েছে।

সেই কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশেও অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। অনেকে রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানাচ্ছেন। ক্রীড়াঙ্গনের অনেক তারকাও ইসরায়েলের এই হামলার প্রতিবাদ জানিয়েছেন। সেই তালিকায় আছেন জামাল ভূইয়াও।

ফিলিস্তিন ফুটবল দলের সঙ্গে বাংলাদেশের ম্যাচের একটি মুহুর্তের ছবি পোস্ট করে জামাল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সবসময়ই তোমরা আমাদের মনে ও হৃদয়ে আছো। ভালো সময়ের জন্য দোয়া করছি।’