বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তেলের জন্য রাতভর লাইন জামালপুরে মোটরসাইকেল চালকদের ভোগান্তি চরমে

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

জ্বালানি সংকটের প্রভাব এবার তীব্রভাবে দেখা দিয়েছে জামালপুর শহরে। একটি নির্দিষ্ট সময়ে তেল সরবরাহের ঘোষণাকে কেন্দ্র করে রাতভর লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অসংখ্য মোটরসাইকেল চালককে।

শহরের পিটিআই মোড় এলাকায় অবস্থিত জুঁই এন্টারপ্রাইজ–এ রোববার সকাল ১০টায় জ্বালানি তেল দেওয়া হবে—এমন খবর ছড়িয়ে পড়তেই শনিবার রাত থেকেই সেখানে দীর্ঘ সারি তৈরি হয়।

সরেজমিনে দেখা যায়, অনেক চালক সন্ধ্যা থেকেই লাইনে অবস্থান নিয়েছেন। কেউ কেউ আবার পুরো রাত মোটরসাইকেল লাইনে রেখে কাছাকাছি গেস্ট হাউজে অল্প টাকার বিনিময়ে বিশ্রাম নিচ্ছেন। ২০০ থেকে ৩০০ টাকা খরচ করে রুম নিয়ে সকালে তেল পাওয়ার অপেক্ষায় থাকছেন তারা।

লাইনে দাঁড়ানো খোকন নামের এক চালক জানান, বাজারে তেলের সংকট নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। হঠাৎ তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি ঝুঁকি না নিয়ে রাতেই লাইনে দাঁড়িয়েছেন।

অন্যদিকে, পেশাগত কারণে সারাদিন মোটরসাইকেল ব্যবহার করতে হয় এমন চাকরিজীবীরাও পড়েছেন বিপাকে। ফাহিম নামের এক মার্কেটিং কর্মী বলেন, সকালে লাইনে দাঁড়ালে সময়মতো তেল পাওয়া অনিশ্চিত। তাই তিনি রাতেই মোটরসাইকেল রেখে পাশের গেস্ট হাউজে অবস্থান করছেন, যেন সকালে দ্রুত তেল নিয়ে কাজে বের হতে পারেন।

জুঁই এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের আগে তেল সরবরাহ শুরু করলে হঠাৎ করে ভিড় বেড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এছাড়া প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময় মেনেই তেল বিতরণ করা হবে।

গত কয়েক সপ্তাহ ধরে জামালপুরের বিভিন্ন পাম্পে একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি পাচ্ছেন না, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব ফেলছে।