প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।
শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি কার্যালয়ের অনেক পুরনো কর্মকর্তা ও কর্মচারীকে নাম ধরে ডেকে কথা বলেন, যা উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।
দপ্তরে প্রবেশের পর প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। পরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিটও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টরা জানান, দিবসটির তাৎপর্য তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের এ প্রথম দাপ্তরিক উপস্থিতিকে সরকারের আনুষ্ঠানিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখা হচ্ছে।