বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তৃপ্তি ইন্ডাস্ট্রিজের ৪০ শতাংশ শেয়ার ও নারায়ণগঞ্জে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে একাধিক বিনিয়োগ সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ তৃপ্তি ইন্ডাস্ট্রিজ পিএলসির ৪০ শতাংশ শেয়ারে বিনিয়োগ এবং নারায়ণগঞ্জে জমি কেনার অনুমোদন দিয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে কোম্পানিটি।

প্রকাশিত তথ্য অনুযায়ী, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ তৃপ্তি ইন্ডাস্ট্রিজে মোট ২০ লাখ টাকা বিনিয়োগ করবে। এর বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্যের দুই লাখ সাধারণ শেয়ার অর্জন করবে কোম্পানিটি। তৃপ্তি ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা, যা ১০ টাকা অভিহিত মূল্যের পাঁচ কোটি শেয়ারে বিভক্ত। পরিশোধিত মূলধন ৫০ লাখ টাকা, যা পাঁচ লাখ সাধারণ শেয়ারে বিভক্ত। ফলে দুই লাখ শেয়ার ধারণের মাধ্যমে তৃপ্তি ইন্ডাস্ট্রিজে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মালিকানা দাঁড়াবে ৪০ শতাংশ।

এছাড়া ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণ ও কারখানা স্থাপনের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মাদানপুর-৬ মৌজায় ১৯ দশমিক ২৫ ডেসিমল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। জমি ক্রয়ে রেজিস্ট্রেশন বাবদ ভ্যাট ও করসহ অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মোট ব্যয় হবে ৫৭ লাখ ৭৫ হাজার টাকা।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৮৬ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২ টাকা ৮৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৫৬ টাকা ১২ পয়সা।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ওই বছরে ইপিএস ছিল ১০ টাকা ৬ পয়সা, যেখানে আগের হিসাব বছরে তা ছিল ৯ টাকা ১৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে এনএভিপিএস দাঁড়ায় ৬২ টাকা ৩৫ পয়সা।

এর আগে ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ এবং ২০২২-২৩ হিসাব বছরে ৬০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে। ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৯৯ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৮৬৫ কোটি ৬৩ লাখ টাকা।

বর্তমানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মোট শেয়ারের ৩২ দশমিক ৩৮ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের হাতে, ২১ দশমিক ৪৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, ৩২ দশমিক ৯৮ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের হাতে এবং অবশিষ্ট ১৩ দশমিক ১৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।