বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস মন্ত্রীর

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৯ জুন, ২০২৬

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। শুক্রবার (১৯ জুন) রংপুরের কাউনিয়া তিস্তা রেলসেতু এলাকায় এক পথসভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ প্রকল্প ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে এবং তিস্তা মহাপরিকল্পনাও দ্রুত অনুমোদনের জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে শুধু বাঁধ নির্মাণ বা ড্রেজিং নয়, শুষ্ক মৌসুমে তিস্তায় পানি প্রবাহ নিশ্চিত করার বিষয়টিও পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে।

তিনি বলেন, বন্যার সময় নদীভাঙনে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে কৃষি ও মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়। তাই বিশেষ কারিগরি সমীক্ষার মাধ্যমে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

এ সময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।