বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ মে, ২০২৬

থালাপতি বিজয় আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু-এর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (১০ মে) শপথ নেওয়ার পরই একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন তিনি। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হলো—যেসব গ্রাহক মাসে ৫০০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন, তারা পাবেন ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা।

শপথ গ্রহণের পর দেওয়া প্রথম ভাষণে বিজয় নারীদের নিরাপত্তা, মাদকবিরোধী অভিযান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জেলেদের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “নারীদের নিরাপত্তার পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, পানি, কৃষক ও জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করব।”

নিজের সংগ্রামী জীবনের কথাও তুলে ধরেন নতুন মুখ্যমন্ত্রী। আবেগঘন বক্তব্যে তিনি বলেন, “একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্র্য ও ক্ষুধা খুব কাছ থেকে দেখেছি। আমি কোনো রাজনৈতিক রাজপরিবার থেকে আসিনি।”

তিনি আরও বলেন, “মানুষ হয়তো আমাকে অপমান করেছে, কিন্তু জনগণ আমাকে আপনজন হিসেবে গ্রহণ করেছে। আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো।”

নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে বিজয় স্পষ্ট করে বলেন, তিনি এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যা বাস্তবায়ন করা সম্ভব নয়। একই সঙ্গে তামিলনাড়ুতে নতুন বাস্তবতা, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচারের রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। সরকার গঠনে সহযোগিতার জন্য কংগ্রেসকে ধন্যবাদ জানান বিজয়।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার মাধ্যমে দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো।