বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তাপপ্রবাহে উত্তপ্ত ফ্রান্স, সংগীত উৎসবে মদপান নিষিদ্ধ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জুন, ২০২৬

ফ্রান্সে চলমান তীব্র তাপপ্রবাহে দেশজুড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে তাপমাত্রা। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার জনপ্রিয় সংগীত উৎসব ‘ফেত দ্য লা মুসিক’-এ মদপান নিষিদ্ধ ঘোষণা করেছে।

রোববার (২১ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে ফ্রান্সের ৩৫টি বিভাগে ‘রেড অ্যালার্ট’ জারি রয়েছে। সরকারের নির্দেশনায় এসব এলাকায় রাষ্ট্রীয় ও বিভিন্ন সংস্থার আয়োজিত অনুষ্ঠানে মদ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর কার্যালয় জানিয়েছে, তাপদাহের কারণে জরুরি স্বাস্থ্যসেবার ওপর চাপ কমাতে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর চিকিৎসা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আবহাওয়া বিভাগ মেটিও-ফ্রান্স জানিয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে প্যারিস ও বারগান্ডি পর্যন্ত অনেক এলাকায় তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। সোমবার তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে নতুন রেকর্ড গড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তীব্র গরমে ইতোমধ্যে কয়েক ডজন ট্রেন বাতিল করা হয়েছে এবং অনেক স্কুলে ক্লাস স্থগিত রাখা হয়েছে। রাজধানী প্যারিসে জনসাধারণের স্বস্তির জন্য পার্ক ও বাগান রাতভর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।