বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তাপদাহে স্বস্তির আভাস: ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

তীব্র গরমের পর রাজধানীর আবহাওয়ায় স্বস্তির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা কিছুটা কমাতে পারে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দুপুরের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা হাওয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বেগ পেতে পারে। এর প্রভাবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল প্রায় ৮০ শতাংশ। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৬ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা ধীরে ধীরে প্রশমিত হতে পারে। ফলে দেশের বিভিন্ন এলাকায় গরমের তীব্রতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।